চুরির অপবাদে গৃহকর্মীকে নির্মম নির্যাতন

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২২
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে নির্যাতিত এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুমাইয়া (১৪)। গতকাল বিকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, এ্যালিফ্যান্ট রোডের ১২৯ নম্বর টিনশেড একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো সুমাইয়া। দুদিন আগে ঐ বাসা থেকে একটি মোবাইল হারিয়ে যায়। এর জের ধরে বাড়ির গৃহকর্তা মেয়েটিকে মারধর করে। তার মাথার চুলও কেটে দেয়া হয়। নির্যাতনের খবর পেয়ে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। নিউমার্কেট থানার এসআই লুত্ফুল কবীর জানান, নির্যাতনকারীদের ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।