জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে বাংলাদেশ নৌবাহিনীর আভিযানিক দলসমূহ গত ১৩ অক্টোবর থেকে সমুদ্র উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক অভিযান পরিচালনা করে ৭ দিনে প্রায় ৭৬ লাখ টাকা মূল্যের ৩ লাখ ২ হাজার মিটার অবৈধ জাল, ২৭৫ কেজি মা ইলিশ ও ৩টি বোটসহ ১৩ জেলেকে আটক করেছে। সমুদ্র উপকূলীয় জেলা বরিশাল, চাঁদপুর, ভোলা, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট এবং খুলনার নদ-নদীতে নৌবাহিনীর জাহাজসমূহ সার্বক্ষণিকভাবে এ অভিযান পরিচালনা করছে।
ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে সব ধরনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে। এই কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সাগর, শহীদ ফরিদ, শহীদ আখতার উদ্দিন, যমুনা, এলসিভিপি-০১১ এবং এলসিভিপি-০১২ উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।
ইলিশের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা রোধে সরকারের অব্যাহত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী জাহাজসমূহের এ বিশেষ অভিযান আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। এ অভিযানের ফলে দেশের নদ-নদীতে জাতীয় সম্পদ ইলিশের সংরক্ষণ ও প্রাচুর্য অনেকাংশে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত প্রজনন মৌসুমে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহ দেশের বিভিন্ন অঞ্চলে সার্বক্ষণিক অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৩১ লাখ টাকা সমমূল্যের ১৫ লাখ ৩১ হাজার মিটার অবৈধ জাল, ২ হাজার ১৬৫ কেজি মা ইলিশ আটক করে। ফলে চলতি বছরে প্রায় ২ লাখ মেট্রিক টনেরও বেশি ইলিশ উত্পাদন বৃদ্ধি পায় এবং এতে সারাদেশে সুলভ মূল্যে ইলিশ বাজারজাত করা সম্ভব হয় যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়। - প্রেস বিজ্ঞপ্তি
