টরেন্ট লিংকের সম্ভার হিসেবে সুপরিচিত ওয়েবসাইট আইএসওহান্ট ডটকম এবার বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, জরিমানাও প্রদান করতে হবে এর স্বত্ত্বাধিকারী কানাডিয়ান নাগরিক গ্যারি ফুং। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এই নিয়ে চলমান মামলার রায়ে এই সাইটটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। অবশ্য মামলাতে আইএসওহান্টের গ্যারি ফুং যুক্তি দিয়েছিলেন যে আইএসওহান্ট নিজে কোনো পাইরেটেড কনটেন্ট শেয়ার করে না, সাইটের ব্যবহারকারীরাই এখানে সেগুলো শেয়ার করে থাকেন। আদালত তার এই যুক্তি গ্রহণ করেননি। ফলে ১০ বছরেরও বেশি সময় ধরে সচল ওয়েবসাইটটিকে বন্ধ করে দিতে হচ্ছে। আর মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকাকে (এমপিএএ) ১১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও দিতে হবে। গ্যারি ইয়াং সাইটটির বন্ধ হয়ে যাওয়াকে নিজের ‘সন্তানের প্রস্থান’ হিসেবেই মনে করছেন। অন্যদিকে এমপিএএ একে অনলাইন কমার্সের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।
