শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন দুইশ’কোটির কম

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ১৯:৩৮
শেয়ারবাজারে টানা তিন কর্মদিবস দরপতনের পর গতকাল মঙ্গলবার সূচক কিছুটা বেড়েছে। তবে লেনদেন হয়েছে দুইশ’ কোটি টাকার নিচে। এ নিয়ে টানা তিন কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে দুইশ’ কোটি টাকার কম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কা তীব্র হয়ে উঠায় লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। অনেকেই রাজনৈতিক মীমাংসার আগ পর্যন্ত লেনদেন করছেন না বলেও জানা গেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৮ কোটি ৮২ লাখ ৮২ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের রহিম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ৮১ টাকা ও শেয়ার প্রতি সম্পদ হয়েছে ৭০ দশমিক ৮৫ টাকা করে। আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টায় ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। এদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে ২৭ লাখ ৯৭ হাজার ৫০৫টি শেয়ার বন্ধক রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফিনিক্স ইন্স্যুরেন্সের একাধিক উদ্যোক্তা পরিচালক। এ বিষয়ে দ্বিমত পোষণ করেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানা গেছে, ফিনিক্স ফাইন্যান্সের পরিচালক আব্দুর রহমান ১৫ লাখ ৭২ হাজার ৫৫০টি ও এমএ মজিদ ৪ লাখ ৯ হাজার ৩৩০টি শেয়ার বন্ধক রাখতে যাচ্ছেন। অন্যদিকে ফিনিক্স ইন্স্যুরেন্সের পরিচালক শামীমা রহমান ২ লাখ ২২ হাজার ৪৮০টি, আব্দুর রহমান ৭৭ হাজার ৫২০টি ও এমএ মজিদ ৫ লাখ ১৫ হাজার ৬২৫টি শেয়ার বন্ধক রাখতে যাচ্ছেন।