আজ জন্মদিনে হানিফ সংকেত

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২০:২৮
বরাবরই নিজের কাজের ব্যাপারে খুব সচেতন তিনি। এ দেশের এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃত ‘ইত্যাদি’ নিয়ে প্রতি তিন মাস অন্তর হাজির হচ্ছেন ছোটপর্দায়। এর বাইরে প্রায় প্রতিটি চ্যানেলে অনেক লোভনীয় অফার ফিরিয়ে দেন অকপটে। খুব বেশি স্ক্রিনিং হলেই যে তারকা বা ব্যক্তিত্ব কেউ হতে পারেন না। তার উত্কৃষ্ট উদাহরণ হানিফ সংকেত। প্রায় প্রত্যেকটি বড় বড় স্পন্সর ‘ইত্যাদি’র জন্য প্রতি মাসে নির্মাণের চাপ দিলেও তিনি অনড়। এবারের ঈদেও তার একটিই নাটক রয়েছে। বরাবরের মতো হিসেবি এই মিডিয়া ব্যক্তিত্বের জন্মদিন কীভাবে কাটে সে কৌতূহল সকলেরই। তিনি বলেন, ‘নিজের পরিবারকেই সবসময় অগ্রাধিকার দিয়ে থাকেন তিনি। এ প্রসঙ্গে সাম্প্রতিক একটি বাস্তবতার কথা বলে তিনি জানান,‘ ইদানিংকালের তরুন ছেলে মেয়েদের নব্য আধুনিকতা তৈরী হয়েছে ঈদ বা যে কোন উত্সবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়া। আমি এই প্রবনতার পক্ষে নই। তাই আমি নিজেও বরাবরই বলি, আমার প্রেরণা আমার দর্শক, আমার পরিবার। তাদের ভালোবাসাই আমার শক্তি। জন্মদিনকে আলাদা করে সাজানোর পক্ষে আমি নই। তাই এ নিয়ে তেমন কোনো কথা বলতে চাই না। সকলের কাছে শুধু দোয়া চাই। যাতে যথারীতি আমার দর্শকদের জন্যই কাজ করে যেতে পারি।’ দেশ বরেণ্য এই মিডিয়া ব্যক্তিত্বের জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।