তুরস্কে সিরীয় শরণার্থীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৪ হাজারেরও বেশি শরণার্থী বাস করছে উদ্বাস্তু শিবিরের বাইরে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ‘এএফএডি’ সোমবার একথা জানিয়েছে। সংস্থার মুখপাত্র মুস্তফা বলেন, “ঈদুল আযহার আগে চালানো গবেষণায় দেখা গেছে, সিরীয় শরণার্থীর সংখ্যা বেড়ে ৬ লাখের বেশি হয়েছে।”
সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯শ’ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দেশটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কড়া সমালোচক এবং সিরীয় বিদ্রোহীদের প্রধান সমর্থক। সিরিয়ার লড়াই থেকে বাঁচতে পালাতে থাকা মানুষের জন্য সীমান্তের দ্বার খোলা রাখার নীতিই বহাল রাখা হবে বলে জানিয়েছে তুরস্ক। যদিও লড়াই-সংঘর্ষের তীব্রতা ভেদে কখনো কখনো সীমান্ত পারাপার বন্ধও করেছে দেশটি। এএফএডি’র মুখপাত্র মুস্তফা জানান, তুরস্ক সীমান্তের কাছের ২১ শরণার্থী শিবিরে মূলত বাস করছে প্রায় ২ লাখ শরণার্থী।
