সংবাদ কণিকা

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২০:৪৩
ব্রিটেনে মুসলিম নারীদের হোস্টেল ব্রিটেনে আশ্রয়হীন মুসলিম মহিলাদের জন্য প্রথমবারের মতো দুটি হোস্টেল চালু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় একশ’ মুসলিম মহিলা সেখানে আশ্রয়ের জন্য আবেদন করেন। এদের বেশিরভাগই ঘরে নির্যাতন বা সহিংসতার শিকার অথবা জোর করে বিয়ে দেয়ার ঘটনা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাতে চাইছেন। ন্যাশনাল জাকাত ফাউন্ডেশন নামের একটি সংস্থা এই হোস্টেলগুলো চালায়। সংস্থাটি বলছে, তাদের হোস্টেলগুলো ইসলামী নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। এ কারণেই মুসলিম মহিলাদের কাছে এগুলো এত জনপ্রিয় হয়ে উঠেছে। —বিবিসি গাড়ির বডিতে ব্যাটারি সুইডিশ ভারি যন্ত্রপাতি ও গাড়ি নির্মাতা ভলভো নতুন আঙ্গিকে নিয়ে আসছে ইলেক্ট্রিক গাড়ি। এবার গাড়িতে আলাদাভাবে ব্যাটারি সংযোজন না করে বডিতেই যুক্ত হচ্ছে ব্যাটারি। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সাড়ে তিন বছর ধরে এ প্রযুক্তি নিয়ে গবেষণা করে ভলভো। এখনকার হাইব্রিড ও ইলেকট্রিক গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয়, তা সাইজে অনেক বড়, ওজনে ভারি এবং দামও বেশি। সাশ্রয়ী এ প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে গাড়ির ওজন ১৫ ভাগ কমে আসবে। ভলভো কবে নাগাদ এ ধরনের গাড়ি বাজারে নিয়ে আসবে তা নিয়ে আগাম তথ্য জানায়নি। — রয়টার্স মিসরে গুলিতে নিহত ৩ মিসরের রাজধানীতে কপটিক খ্রীস্টানদের গীর্জার বাইরে মোটর সাইকেল আরোহী বন্দুকধারীদের গুলিতে আট বছর বয়সী এক বালিকাসহ কমপক্ষে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার রাতে কায়রোর উত্তরাঞ্চলের আল ওয়ারাক এলাকায় ঐ কপটিক গীর্জায় আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় মোটর সাইকেল আরোহী বন্দুকধারীদের নির্বিচার গুলিতে এক নারী, এক পুরুষ ও এক বালিকা নিহত হয়েছে। আহত হয়েছে আরো নয়জন। —এএফপি