শমশেরনগরে ৩টি আন্তঃনগর ট্রেনে আসন সঙ্কট

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২১:১৬
বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সিলেট-আখাউড়া রেল সেকশনের শমশেরনগর রেলওয়ে স্টেশন থেকে তিনটি আন্তঃনগর ট্রেনে কুমিল্লা, লাকসাম, ফেনী, শায়েস্তাগঞ্জ ও ভৈরব স্টেশনে যাত্রীদের জন্য আসন বরাদ্দ নেই। শমশেরনগর বিমান বাহিনী ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকলেও এ স্টেশন থেকে যাত্রীদের ট্রেন ভ্রমণে চরম দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীর তুলনায় আসন সংখ্যাও অপ্রতুল বলে দীর্ঘদিনের স্থানীয়দের অভিযোগ রয়েছে। শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেইজ ইউনিট ও প্রশিক্ষণ কেন্দ্র, চা শিল্প এলাকা, একটি স্থল শুল্ক স্টেশন, অসংখ্য কৃষি খামার, নার্সারী শিল্প ও গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্র। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, শায়েস্তাগঞ্জ, ফেনীসহ বিভিন্ন শহরের লোকজনের ব্যবসা ও চাকরির সুবাধে শমশেরনগরে নিয়মিত যাতায়াত রয়েছে। স্থানীয়ভাবে জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার ২৫টি ইউনিয়নের মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলও হচ্ছে শমশেরনগর। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আজিজুল ইসলাম যাত্রীদের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, চট্টগ্রামমুখী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনে শুধুমাত্র চট্টগ্রামের জন্য ১৫টি শোভন আসন রয়েছে। স্টেশন মাস্টার আরও জানান, এ সমস্যা নিরসন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট আবেদন করা হয়েছিল। তারপরও কোন সাড়া পাওয়া যায়নি।