সংঘর্ষে আড়াইহাজার এলাকা রণক্ষেত্র, আহত ৪০

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২১:১৬
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি গানের অনুষ্ঠান নিয়ে দুই পক্ষের বিরোধে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় গোটা এলাকা রণক্ষেত্র পরিনত হয়। বন্ধ হয়ে যায় চৈতন কান্দা-দয়াকান্দা সড়ক। সংঘর্ষে বসত ঘর ও দোকান পাট ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় এলাকাতে বিরাজ করছে উত্তেজনা। জানা গেছে, ঈদ উপলক্ষ্যে চৈতনকান্দা গ্রামে গানের অনুষ্ঠানের আয়োজন করে মিয়াজউদ্দিন ও তার লোকজন। উচ্চস্বরে গান বাজনার পাশাপাশি সেখানে বসানো হয় একটি জুয়ার বোর্ড। এতে বাধা দেয় স্থানীয় আলী হোসেন ও তার লোকজন । এ নিয়ে সোমবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে পর দিন সকাল ১০ টায় উভয় পক্ষের মধ্যে আবার ও সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দা, ছরি, টেঁটা, বল্লম,ককটেক ও লাঠিসোঁটা নিয়ে একে অন্যের উপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় সংঘর্ষ। চলে ২ ঘন্টা । সংঘর্ষ চলাকালে থানার ওসি আখতার মোর্শেদ অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দু.দফা সংঘর্ষে অন্তত ৪০ ব্যাক্তি আহত হয়। ঘটনার সময় উভয় পক্ষের অন্তত ৩০/৩৫টি বাড়ী-ঘর, দোকানপাট ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষে ওই গ্রামের একটি মাদ্রাসা ও ভাংচুরের শিকার হয়েছে। পলাশবাড়িতে মাদ্রাসা ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ১১ গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাবদিন ভগবতীপুর গ্রামে সোমবার পীরোত্তর জমিতে মাদ্রাসা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের মধ্যে খেতাব উদ্দিন ও আনারুল ইসলামকে আশঙ্কজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং লাইজু মিয়া, আব্দুল হক, রেজাউল করিম, আ: রউফ ও আ: কদ্দুস কে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের পঞ্চাশ শতক পীরোত্তর জমি নিয়ে বয়েজ মন্ডলের ছেলে আব্দুল মজিদের সাথে গ্রামবাসীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশবৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার সকালে ওই জমিতে গ্রামবাসী মাদ্রাসা ঘর নির্মাণ করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘন্টাব্যাপী টানা সংঘর্ষে ১১ জন আহত হয়। পলাশবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। গাইবান্ধায় দুই পাড়ার সংঘর্ষে আহত ২৫ গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা শহরের বালাসী রোডের পুরাতন বাজার এলাকার অটো টেম্পু ষ্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ১৪ রাউন্ড টিয়ারসেল ও ৫৪ রাউন্ড রাবার বুলেট বর্ষন করে ৩ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তারপরও পরবর্তীতে যেকোন ধরেনের সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মান্দায় সংঘর্ষে আহত ১০ মান্দা (নওগাঁ) সংবাদদাতা জানান, মঙ্গলবার সকালে নওগাঁ মান্দায় পরানপুর ইউপির পরানপুর গ্রামের জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত হয়েছে ১০জন। আশংকাজনক অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উক্ত গ্রামের মৃত আছির উদ্দিনের ৮ পুত্রের মধ্যে দীর্ঘদিন থেকে ৪৭ ডেসিমেল জমির ভাগবাটোয়ারা নিয়ে কোন্দল চলে আসছিল প্রায় ১ বছর ধরে। তাদের ২ বোনের জমির অংশ বাড়ির পৈত্রিক ভিটায় বোনেরা অংশ দাবি করে দখল নিতে চাইলে বেশির ভাগ ভাই ভিটায় অংশ দিতে বিরোধিতা করে। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে ভগ্নিপতিদের ইন্ধনে ভাই, ভাতিজা, ভাগ্নে নিজেদের মধ্যে লাঠি-সোটা, দেশীয় অস্ত্র নিয়ে মারামারি শুরু হলে গুরুতর আহত হয় আছিরের পুত্র তৈয়বুর রহমান ৩৫, রফিকুল ইসলাম ৩৭ এবং রফিকুলের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী স্বপ্না ১৩।