কয়েক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দু’জন আহত হয়েছে। খবর আমাদের সংবাদদাতাদের।
চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট ঢালীপাড়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে একজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। সোমবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মো. শাহরুখ খান হাওলাদার। তিনি ঝালকাঠি জেলার কাঠুরিয়া গ্রামের লতিফ হাওলাদারের পুত্র। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি দুমড়ে মুচড়ে গেছে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ)
গত সোমবার সন্ধ্যায় শাহজাদপুরে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পাড়কোলা বাজারের কাছে মোটর সাইকেল আরোহী শামিম (৩০) দুর্ঘটনায় নিহত হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় । শামিম এদিন তার বাড়ি থেকে মোটরসাইকেল করে শ্বশুর বাড়ি শাহজাদপুরের বাঘাবাড়িতে যাচ্ছিল।
অপর দিকে একই মহাসড়কে পারকোল ব্রাক অফিসের সামনে অজ্ঞাত নামা এক সাইকেল আরোহীকে দ্রুতগামী একটি কোচ ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়।
সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারী সৈয়দপুর- দিনাজপুর সড়কের রাবেয়া মিল এলাকায় সোমবার রাতে মিনিবাস ও ট্রলির সংঘর্ষে ট্রলি চালক জাহাঙ্গীর আলম (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলির হেলপার নাজমুল হোসেন (৩২) গুরুতর আহত হলে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহাঙ্গীরের বাড়ি চিরিরবন্দর উপজেলার খোচনা সাতনালা গ্রামে।
গাংনী (মেহেরপুর)
দ্রুতগামী ট্রাক ও স্যালাচালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে জারিফুল ইসলাম (২৪) নামের এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। নিহত জারিফুল ইসলাম গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে। রবিবার রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর শান্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
