পৃথক ঘটনায় ৪ জনের অপমৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২১:১৭
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) রায়গঞ্জে গবাদিপশুর জন্য ঘাস তুলতে সোমবার ধান ক্ষেতের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে রুহুল আমিন (১১) নামে এক বালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের চন্ডিভোগ গ্রামের কৃষক সৈয়দ আলীর ছেলে। সাঁথিয়া (পাবনা) সোমবার পাবনা সাঁথিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রেখা নামের এক মহিলার মৃত্যু হয়েছে। সে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বিলমহিষার চর গ্রামের আঃ কদ্দুসের স্ত্রী। ঘটনার দিন রেখা খাতুন (৩৫) গাছ থেকে সবজি তোলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে বিদ্যুতের মিটার বন্ধ করে গুরুতর আহত রেখাকে সাঁথিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। সুজানগর (পাবনা) পাবনা সুজানগর সংলগ্ন পদ্মা নদীতে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসছে। তার পরণে শার্ট ও লুঙ্গী রয়েছে। পদ্মা নদীতে মাছ ধরা মত্স্যজীবীরা জানায়, গত দুই দিন ধরে উপজেলার হাজার বিঘা সংলগ্ন পদ্মা নদীতে ওই লাশ ভাসছে। বড়াইগ্রাম (নাটোর) নাটোর বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের গোপালপুরে নদীর পানিতে ডুবে ফুলজান বেওয়া (৮০) নামে দৃষ্টিপ্রতিবন্ধী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত ফুলজান বেওয়া গোপালপুর গ্রামের মৃত খইরউদ্দিনের স্ত্রী। সে মঙ্গলবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যান। এ সময় চোখে দেখতে না পেয়ে বাড়ি সংলগ্ন বড়াল নদীতে পড়ে মারা যান।