কয়েকস্থানে পৃথক ঘটনায় তিন জন খুন এবং ২০ জন আহত হয়েছেন। খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও থানা সংবাদদাতাদের।
মুন্সীগঞ্জ
সিরাজদিখান উপজেলার রাজানগর বাজারে ধারালো অস্ত্রের আঘাতে রাজানগর ভকেশনাল ইনস্টিটিউশনের সাবেক অধ্যক্ষ আসাদ খন্দকার (৩৪) নিহত হয়েছেন।
সোমবার রাতে রাজানগর বাজারে তাঁকে নির্মমভাবে কোপানোর পর ঢাকা মির্ডফোর্ড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ এখন মির্ডফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৬ জন আটক করেছে।
চৌহালী (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের চৌহালীতে জেগে ওঠা চরের কাঁসবন কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিত্সকরা জানিয়েছে।
সোমবার চৌহালী উপজেলার প্রত্যন্ত খাসপুকুরিয়া ইউনিয়নের এওয়াজ কাঠালিয়া চরের কাসবন কাটা নিয়ে উমরপুর ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের জহুরুল ইসলাম এবং চর বিনানই গ্রামের লুত্ফর রহমান গংদের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারের পোল্টি ও ফিস ফিডের ব্যবসায়ী মোঃ হাবিব উল্লাহ (৩৫) কে মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের হাতে খুন হওয়া ঐ ব্যবসায়ীর বাড়ি আছিম পাটুলী ইউনিয়নের রামনগর কাটাখালী নামকস্থানে। তার পিতার নাম মুনসুর আলী।
বামনা (বরগুনা)
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে সোমবার বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন ৪৫ -এর আঘাতে তার চাচতো ভাই মোঃ নিজাম উদ্দিন(৩৮) মারা যায়।
নিজামের স্ত্রী মোসাঃ মমতাজ বেগম (৩০) এবং জাহাঙ্গীরের স্ত্রী মোসাঃ আখি বেগম (৪০) আহত হয়েছে। আহতরা বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে।
