বিশ্বব্যাপী গেমারদের কাছে শ্যুটিং গেম বা স্ট্র্যাটেজি গেমগুলো অত্যন্ত বেশি পরিমাণে জনপ্রিয়তা পেলেও পাজল গেম নিয়েও গেমারদের আগ্রহের কমতি নেই। এ পর্যন্ত যতগুলো পাজল গেম গেমারদের মধ্যে সাড়া ফেলেছে অনেক বেশি মাত্রায়, তাদের মধ্যে অন্যতম কিউব কিউব (কিউ ইউ বি ই)। পাজল গেম হিসেবে টক্সিক গেমের তৈরি এই গেমের নামের পূর্ণাঙ্গরূপ হচ্ছে ‘কুইক আন্ডারস্ট্যান্ডিং অফ ব্লক এক্সট্রুসন’।
বিভিন্ন রঙের বিভিন্ন আকারের ব্লককে পুনর্বিন্যাসের মাধ্যমে খেলতে হয় এই গেম। এই গেমটি খেলার জন্য গেমারকে পর্যায়ক্রমে বিভিন্ন স্তর পার করতে হবে ব্লক ব্যবহার করেই। গেমটিতে গেমারকে দেয়া হবে একটি বিশেষ গ্লোভস, যা ব্যবহার করে সে বিভিন্ন ধরনের ব্লককে সরিয়ে ফেলতে পারবে। গেমের পরিবেশ হিসেবে রয়েছে একটি মোনোক্রোম ব্যাকগ্রাউন্ড যেখানে আছে বিভিন্ন রঙের ব্লক। এই গেমটির সাথে আরেক জনপ্রিয় পাজল গেম ‘পোর্টালে’র কিছুটা মিল রয়েছে।
এই গেমের শুরুতেই গেমার নিজেকে আবিস্কার করবে একটি ঘরের মধ্যে। আর তার হাতে থাকবে একজোড়া গ্লোভস। তার চারপাশের দেয়াল এবং মেঝেতে সে খুঁজে পাবে নানান রঙের ব্লক। এসব ব্লক আবার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সরানো যায়। এখানকার ব্লকগুলো রঙের উপর ভিত্তি করে একেক রকম আচরণ করে। যেমন, লাল রঙের ব্লকগুলো আকারে বড় করা যায় এবং এগুলোকে কাছে টেনে নেওয়া বা দূরে সরিয়ে দেওয়া যায়। অন্যদিকে রয়েছে হলুদ রঙের ব্লক, যেগুলো সবসময়ই তিনটি করে একসাথে থাকে। এগুলো ব্যবহার করে সিঁড়ির মতন কাঠামো তৈরি করা যায়। নীল রঙের ব্লকগুলোকেও কাছে টেনে নেওয়া বা দূরে সরিয়ে দেওয়া যায়। আর এগুলোকে স্প্রিংবোর্ড হিসেবে ব্যবহার করা যায়।
গেমের নতুন নতুন লেভেল অতিক্রম করার সাথে সাথে বাড়তে থাকে গেমের জটিলতা। পাজল গেমের ভক্তরা খেলে না থাকলে এখনই সংগ্রহ করে নিতে পারেন মজার এই গেমটি।
