খাদ্য মজুদ রয়েছে ১১ লাখ টন

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২১:৫৫
দেশে বর্তমানে প্রায় ১১ লাখ টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল, ধান ও গম রয়েছে। মজুদ থাকার পরও চাল এবং গমের ঊর্ধ্বগতি রোধে ওএমএস কর্মসূচি চালু থাকায় দাম স্থিতিশীল রয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, কমিটির সদস্যরা চাল, আটা ও ময়দার বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, বর্তমানে সরকারি গুদামে চাল ও গমের মজুদ পরিস্থিতি সন্তোষজনক। গত ২০ অক্টোবরের হিসাবে সরকারি গুদামে সাত লাখ ৭৫ হাজার ১০৬ টন চাল, তিন লাখ ১৭ হাজার ৪১৩ টন গম এবং ছয় হাজার ৫৭৯ টন ধান মজুদ রয়েছে। বৈঠকে জানানো হয়, চাল ও গমের ঊর্ধ্বগতিরোধে ওএমএস কর্মসূচির আওতায় চাল বিক্রি করা শুরু হয়েছে। ফলে বাজারে চালের দাম স্থিতিশীল রয়েছে। কমিটি চালের মূল্য স্থিতিশীল রাখার জন্য মাঠ পর্যায়ে ওএমএস-এর আওতায় চাল বিক্রির কার্যক্রম সঠিকভাবে মনিটরিং এবং চালের মজুদ আরও বাড়ানোর সুপারিশ করেছে। খাদ্য মন্ত্রণালয়ের এনএফপিসিএসপি, এফএও বাংলাদেশ প্রকল্পের সহায়তায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধি দলের ভিয়েতনাম সফরের অভিজ্ঞতার বিষয়ে বৈঠকেব আলোচনা হয়। কমিটির সদস্য খাদ্যমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, মো. আতিউর রহমান আতিক, মো. মোজাহার আলী প্রধান এবং মো. আকরাম হোসেন চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।