সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং সরকারি প্রেসনোট জারির পরও দাবি পূরণ না হওয়ায় আগামী ৩১ অক্টোবর ‘প্রতিশ্রুতি ভঙ্গ দিবস’ পালনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষকদের একটি অংশ।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম তোতা। তিনি বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি না মানলে আগামী ৩১ অক্টোবর দেশের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর করে কালোব্যাজ ধারণ এবং দিনব্যাপী কর্মবিরতি পালন করে ‘প্রতিশ্রুতি ভঙ্গ দিবস’ হিসেবে পালন করবেন। এ কর্মসূচিতে কাজ না হলে ১ নভেম্বর কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত, প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর মর্যাদা, সহকারী শিক্ষকদের বেতনস্কেল আপগ্রেডকরণ ও প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে প্রাথমিক শিক্ষকদের এই অংশটি।
