টানা কয়েক সপ্তাহ ইউরোপে শুটিং, এরপর ঈদের ছুটিতেও দেশের বাইরে গেলেন ইমন। স্বপন আহমেদের ‘পরবাসিনী’র শেষ পর্যায়ের শুটিং করে এলেন তিনি। এবারের শুটিং প্রসঙ্গে ইমন বলেন, ‘আমার জন্য এটা একটি বিরল অভিজ্ঞতা। কারণ এতটা প্রফেশনাল ইউনিট নিয়ে দেশের বাইরে কখনো কাজ করিনি। দুটি গানের শুটিং এবং বেশ কিছু সিক্যুয়েন্সের কাজ শেষ করলাম। সবচেয়ে ভালো লাগছে এই ভেবে স্বপন ভাইয়ের এই ছবিটি নিয়ে নানা জায়গায় নানা ধরনের কথা উঠে আসছিল। অনেকেই ভেবেই রেখেছিল যে ছবিটি হয়তো শেষ হবে না। কিন্তু পুরো ছবির ইউনিটের ঐকান্তিক চেষ্টায় সেটি সম্ভব হয়েছে। এদেশে প্রথমবারের মতো সাই ফাই মুভি হিসেবে নিজের ক্যারিয়ারে নাম লেখাতে পেরেও ভালো লাগছে। আশা করছি দর্শকেরাও উপভোগ করবে। এদিকে দীর্ঘদিন ধরে ইমনের নতুন কোনো ছবি রিলিজ না হলেও খুব শিগগিরই বেশ কটি বড় বাজেটের ছবি রিলিজ হতে যাচ্ছে। এর ভেতরে চাষী নজরুল ইসলামের একটি ছবির কাজও সম্প্রতি শেষ হয়েছে।
ইমনের কথায়, ‘ভালো ছবির জন্য অপেক্ষা করতে কোনো দোষ নেই। আর ছবিগুলো রিলিজ হলেও দর্শকেরা বুঝতে পারবে, কেন এই বিলম্ব করেছি। তাই খুব শিগগিরই ইমনের একাধিক ছবি মুক্তি পেতে যাচ্ছে।’
