লিবিয়ার সন্দেহভাজন জঙ্গি নেতা আবু আনাস আল-লিবিকে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। এই মাসের প্রথম দিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে লিবিকে আটক করেছিল মার্কিন বিশেষ বাহিনী।
এ মামলার সাথে যুক্ত একটি সূত্র জানিয়েছে, আদালতে লিবির পক্ষে মামলা লড়ার জন্য লিবিয়া সরকারের অর্থায়নে একজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে এবং তিনি আদালতে লিবির প্রতিনিধিত্ব করেছেন। গতকাল বুধবার ঐ আইনজীবী বেরনার্ড ক্লেইনম্যানের সঙ্গেই আদালতে হাজির হন লিবি। আদালতে নীল রংয়ের পোশাক পরা লিবির হাতে ছিল একটি কুরআন শরীফ। লিবির বিরুদ্ধে আল-কায়েদার সাথে সংযুক্ত থাকা এবং ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের দু’টি দূতাবাসে বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এর আগে লিবিকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হলে তিনি মার্কিন নাগরিকদের হত্যা ও অপহরণের অভিযোগ অস্বীকার করেছিলেন।
লিবির আইনজীবী ক্লেইনম্যান তার মক্কেলের পক্ষে মামলা পরিচালনার জন্য তথ্য খতিয়ে দেখতে আদালতের কাছে কয়েক মাস সময় চান। এছাড়া আদালতে লিবির ব্যক্তিগত কুরআন শরীফটি তার কাছে রাখতে দেবারও অনুরোধ জানান ক্লেইনম্যান। লিবিকে আগামী ১২ ডিসেম্বর পুনরায় আদালতে হাজির করা হবে।
