‘ওবামার কাছে পাকিস্তানের অবস্থান তুলে ধরবেন নওয়াজ’

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২০:৫৫
ড্রোন হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাকিস্তানের অবস্থান তুলে ধরবেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ একথা জানান। এদিকে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত অঞ্চলে যুক্তরাষ্ট্র বেআইনিভাবে ড্রোন হামলা চালিয়ে শত শত বেসামরিক লোক হত্যা করেছে বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদন প্রকাশ করার কয়েক ঘন্টা পর দেশটির তথ্যমন্ত্রী একথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে তার তিনদিনের সফরের শেষ দিন বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করার কথা। এটাই দুই নেতার মধ্যকার প্রথম সাক্ষাত্কার বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় তালেবানের সাথে সংলাপ প্রক্রিয়া সম্বন্ধেও ওবামাকে অবহিত করবেন প্রধানমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এর অভ্যন্তরীণ বিষয়ে কোন ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না। সরকার ইতিমধ্যেই তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, কোনভাবেই বিদেশি নির্দেশনা মেনে নেয়া হবে না।