কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের অভিযোগ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২০:৫৬
ভারত অভিযোগ করেছে কাশ্মীর সীমান্তে মঙ্গলবার রাতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের আধা-সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে তিনজন। ভারতীয় কর্তৃপক্ষ অভিযোগ করে বলেছে, কাশ্মীরের বিরোধপূর্ণ সীমান্তসহ ৫০টিরও বেশি জায়গায় পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করেছে। সাম্প্রতিক এই গোলাগুলির ঘটনা নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের কোনো মন্তব্য জানা যায়নি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানাসহ ৫০টি স্থানে কোনো ধরনের উস্কানি ছাড়াই পাকিস্তানি সেনারা গুলি করে। এতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে’র প্রধান কনস্টেবল মুকেশ সেনা নিহত হয়। এছাড়া আরো তিন সেনা আহত হয়। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে গুলিবর্ষণ শুরু হয় এবং বুধবার ভোররাত পর্যন্ত তা অব্যাহত থাকে। পাকিস্তানি সেনার বিএসএফের নিরাপত্তা চৌকি ও নিকটবর্তী গ্রাম লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র, মর্টার ও রকেট হামলা চালায় বলেও তারা অভিযোগ করেছে। বেশ কিছুদিন ধরেই কাশ্মীর সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে, পাকিস্তান জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাচ্ছে।