মিয়ানমারে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির সরকার ও সশস্ত্র বিদ্রোহী গ্রুপ কাইনি ন্যাশনাল প্রগ্রেসিভ দল (কেএনপিপি)। তাছাড়া যুদ্ধবিরতি চুক্তিকে সামনে এগিয়ে নেয়ার বিষয়েও তারা সংকল্পবদ্ধ। মঙ্গলবার কায়াহ প্রদেশে দুইপক্ষের মধ্যে এক রাজনৈতিক সংলাপ চলাকালে তারা এসব কথা জানায়। গত বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়। —খবর সিনহুয়ার।
দেশের সংকট নিরসনে কিয়াহ প্রদেশের লইকায় তৃতীয় রাউন্ড শান্তি আলোচনা চালায় সরকার ও কেএনপিপি। আলোচনায় যৌথ পর্যবেক্ষণ দল গঠন, উভয়পক্ষে যোগাযোগ রক্ষাকারী একটি অফিস খোলা ও গৃহহীনদের পুনর্বাসন এবং তাদের জীবনযাত্রা পুনরায় শুরু করে দেয়ার ব্যবস্থা করার কথা বলা হয়। এদিকে এবছর জুনের দিকে দুইপক্ষের ভেতর দ্বিতীয় রাউন্ড আলোচনা হয়েছিল। সে সময় সরকার ও বিদ্রোহীদের মধ্যে ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয়।
