শাহজালাল বিমান বন্দরে এক কেজি স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এবার ল্যাপটপের চার্জারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১ কেজি ২শ’ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মীরা। এ সময় স্বর্ণের বাহক জাকির হোসেনকে আটক করা হয়। শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর সূত্র জানায়, বুধবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে জাকির হোসেন নামক ওই যাত্রী ব্যাংকক থেকে ঢাকায় আসেন। ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি বিমান বন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় তার গতিবিধি দেখে কর্তব্যরত শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ল্যাপটপের চার্জারের ভেতরে লুকানো স্বর্ণ পাওয়া যায়। এ ব্যাপারে বিমান বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, একদিন আগে মঙ্গলবার ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের টয়লেট থেকে শুল্ক কর্তৃপক্ষ ৩২ কেজি ৯৪০ গ্রাম ওজনের ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করে।