ঝিনাইদহে ১০৮ জন ডাক্তারের পদ শূন্য

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৬
ঝিনাইদহ জেলার সদর হাসপাতাল, ৫ উপজেলা হাসপাতাল, ১৩টি উপস্বাস্থ্য কেন্দ্রসহ ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহে একশ’ ৮ জন ডাক্তারের পদ শূন্য রয়েছে। এতে সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার বেহাল দশা। এ জেলায় মোট ডাক্তারের পদ আছে একশ’ ৮৭টি। এর বিপরীতে ৭৯ জন ডাক্তার আছেন। শৈলকুপা উপজেলায় ২৪ জন ডাক্তারের পদ আছে। ডাক্তার আছেন ৮ জন। ১৬ জন ডাক্তারের পদ শূন্য রয়েছে। এ হাসপাতাল ৩১ বেড থেকে ৫০ বেডে উন্নীত করার জন্য ৭ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে ৩ বছর আগে। লোকবলের অভাবে কাজে লাগানো যাচ্ছে না। কালীগঞ্জ উপজেলায় ডাক্তারের পদ আছে ৩১টি। ১৫ জন ডাক্তারের পদ শূন্য আছে। হরিণাকুন্ডু উপজেলায় ২৯ জন ডাক্তারের স্থলে মাত্র ৬ জন ডাক্তার কর্মরত আছেন। এ উপজেলায় ২৩ জন ডাক্তারের পদ শূন্য আছে। কোটচাঁদপুর উপজেলায় ২৫ জন ডাক্তারের পদ আছে। সেখানে ডাক্তার আছেন মাত্র ৬ জন। ১৯ জন ডাক্তারের পদ শূন্য আছে। মহেশপুর উপজেলায় ৩৩ জন ডাক্তারের স্থলে ৬ জন ডাক্তার আছেন। এ উপজেলায় ২৭ জন ডাক্তারের পদ খালি আছে। ঝিনাইদহ সদর হাসপাতালেও ৩ জন ডাক্তারের পদ শূন্য রয়েছে। এ ছাড়াও ঝিনাইদহ সদর উপজেলায় ৩ জন ডাক্তারের পদ শূন্য আছে। ২০০২ সালে ঝিনাইদহ সদর হাসপাতাল ৫০ বেড থেকে একশ’ বেডে উন্নীত করা হয়েছে। ফলে মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাচ্ছে না। প্রতিদিন এ হাসপাতালের আউটডোরে প্রায় ৫শ’ রোগী স্বাস্থ্য সেবার আশায় আসেন। তাদের জন্য কোন ওষুধ বরাদ্দ নেই। ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ নাসরিন সুলতানা সরকারি হাসপাতালে ডাক্তারের অভাবের কথা স্বীকার করে বলেন, শূন্য পদে ডাক্তার নিয়োগের জন্য বার বার কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হচ্ছে।