নেত্রকোনা ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নেত্রকোনা
নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকায় গতকাল বুধবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় কালাম নামে এক সাইকেল আরোহী ও অজ্ঞাত ভ্যান চালক নিহত হন। একটি বালু বোঝাই ট্রাক জারিয়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ
টঙ্গীবাড়ী উপজেলার চাঁদেরবাজারে গত মঙ্গলবার রাতে মোটর সাইকেল ছিটকে পড়ে আউটশাহী গ্রামের বারেক শেখ (৬৫) নামে এক পথচারী নিহত ও মোটর সাইকেল চালক রনি আহত হন। আহত রনিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে।
মাদারীপুর
ফরিদপুর-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় গত মঙ্গলবার বাস চাপায় আবুল কালাম মৃধা (৪০) নামে এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। বাসটি পুলিশ আটক করেছে। জানা যায়, সদর উপজেলার মাহমুদসী গ্রামের মাছ ব্যবসায়ী আবুল কালাম ভাঙ্গায় মাছ বিক্রি করতে যাওয়ার পথে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দারের কাঠেরপুলে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে চাপা দেয়। ফলে সে ঘটনাস্থলে মারা যান। মাদারীপুর থানায় মামলা হয়েছে।
চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কেন্দুয়া জোড়া বিজ্রের কাছে গত মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় লিটন বিশ্বাস (২৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়। সে চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মনিদ্রনাথ বিশ্বাসের ছেলে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় লিটন আহত হয়। পরে স্থানীয়রা তাকে ফকিরহাট হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারিক বাজার এলাকায় বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় জাব্বারুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। সে শিবগঞ্জ উপজেলার খোঁজাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাস্তা পারাপারের সময় সোনামসজিদগামী একটি খালি ট্রাক জাব্বারুলকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায় এতে প্রচুর রক্তক্ষরণ হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
নাগরপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুর সলিমাবাদে গতকাল বুধবার দুপুরে ট্রাক উল্টে খাদে পড়ে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন পশ্চিমপাড়া গ্রামের মো. মন্টু মিয়ার পুত্র মনির হোসেন (১৫) ও চৌহালী উপজেলার চৌবারীয়া গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে আবু দাউদ (৫০)। আহতদের নাগরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করেছে থানা পুলিশ।
মেলান্দহ (জামালপুর)
জামালপুরের মেলান্দহের জাঙ্গালিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জগামী একটি পিকআপ ভ্যান চাপায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন চাঁন মিয়া পাঠান (৪৫) ও ফরহাদ হোসেন (৪)। আহত জমিলাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজীবপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারী-রাজীবপুর সড়কে গত মঙ্গলবার বিকালে পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় হাছনাবানু (৫৫) নামে এক পথচারী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত হাছনাবানু রাজীবপুর উপজেলার মেম্বারপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। একই সড়কের গোলাবাড়ি এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক ও আরোহীসহ চারজন আহত হয়। আহতদের মধ্যে রফিকুল ইসলাম মাস্টারকে (৪৫) আশংকাজনক অবস্থায় প্রথমে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত রফিকুল ইসলাম বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
