অধ্যক্ষের পুনর্বহাল নিয়ে হবিগঞ্জে উত্তেজনা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৭
বাহুবল উপজেলার আলিফ সোবহান ডিগ্রী কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষকে পুনর্বহাল করা নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে ৭ দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। জানা যায়, ওই কলেজের অধ্যক্ষ ফারুকউদ্দিন চৌধুরীকে ২০০৭ সালের ৯ জুলাই তার শিক্ষাগত যোগ্যতাসহ নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়। ২০০৭ সালের ১৩ আগষ্ট অধ্যক্ষ ফারুক বরখাস্তের বিরুদ্ধে সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। ২০১১ সালের ২৭ মে মামলাটি খারিজ হয়ে যায়। পরে তিনি জজ কোর্টে আপিল করলে তা বর্তমানে বিচারাধীন রয়েছে। এদিকে গত ১৯ অক্টোবর কলেজের গভর্নিং বডির সভাপতি বিএনপি নেতা শেখ সুজাত মিয়া এমপির সভাপতিত্বে এক সভায় অধ্যক্ষ ফারুককে পুনর্বহালের্ সিদ্ধান্ত নেয়া হয়। এর বিরোধিতা করেন কলেজের দাতা সদস্য ফজলুর রহমান চৌধুরীসহ কমিটির অধিকাংশ সদস্য। এনিয়ে গত কয়েকদিন যাবত্ কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।