হবিগঞ্জে এমপির বিরুদ্ধে মিছিল ও সমাবেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৯
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে আগামী নির্বাচনে মনোনয়ন না দিতে শহরে সভা ও মিছিল করেছে ওই আসনের তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ সামসুল হকের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে শহরের ঘাটিয়াবাজার এলাকায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুত্ফুর রহমান তালুকদার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সজিব আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, সহ-সভাপতি অ্যাডভোকেট আলিম সর্দার, বানিয়াচং উপজেলা কৃষকলীগ আহ্বায়ক প্রিয়তোষ রঞ্জন দেব, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, আজমিরীগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার মোঃ সুমন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান আহমেদ, সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাছির মিয়া, মিজানুর রহমান প্রমুখ। পরে একই দাবিতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল পুলিশের বাধা অতিক্রম করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।