ঠাকুরগাঁও-১ আসনে দুই ভিআইপি প্রার্থী তত্পর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৫০
ঠাকুরগাঁওয়ের ৩টি সংসদীয় আসনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনটি বর্তমানে আওয়ামী লীগের দখলে রয়েছে। ২০০১ সালের নির্বাচনে এ আসনটি ছিল বিএনপির দখলে। ১৯৯১ ও ১৯৯৬ সালে এ আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। হালনাগাদ ভোটার অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৭২৪ জন। ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। অপরদিকে একই আসনে ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে জয়ী সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় সরকারের কৃষি প্রতিমন্ত্রী, পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রয়েছেন। প্রধান দুই দলের দুই ভিআইপি প্রার্থীর এ আসনে আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলের অন্য কোন প্রার্থীর দেখা এখনও মেলেনি। দেখা যায়নি প্রকাশ্যে কোন নেতার নির্বাচনী প্রচারণা। তবে মুখে মুখে দু’একজনের নাম শোনা গেছে। আর অন্য দলের সম্ভাব্য প্রার্থীরা তাদের দলীয় কর্মসূচি ছাড়া নির্বাচনী প্রচারণায় মাঠে দেখা যায়নি। পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন নিজ এলাকায় রুহিয়ায় থানা স্থাপন করে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছেন। মন্ত্রী রমেশ চন্দ্র সেন প্রতিমাসে তার নির্বাচনী এলাকায় অবস্থান করে বিভিন্ন উন্নয়নের উদ্বোধন করছেন ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে ওই এলাকার মানুষের মন যোগাতে ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসভা, গণসংযোগ অব্যাহত রেখেছেন। অন্যদিকে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী জেলার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) জেলা সভাপতি মনসুর আলী ও সিপিবি প্রার্থী জেলা সভাপতি সৈয়দ মেরাজুল হোসেন। তবে মূলত মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির দুই ভিআইপি প্রার্থীর মধ্যে।