বিএসইসি’র নির্দেশ পরিপালনের তাগিদ

কোম্পানির এজিএমে উপহার সামগ্রী দেয়া যাবে না

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২০:১৩
সিকিউরিটিজ আইন অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপহার সামগ্রী না দেয়ার নিয়ম পরিপালনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সুষ্ঠুভাবে এজিএমের কার্যক্রম পরিচালনার জন্যই এ নিয়ম পরিপালনের নির্দেশ দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার কমিশনের ৪৯৮তম সভায় বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পনির বিশেষ সাধারণ সভা (এজিএম) চলাকালীন সময়ে ও পরবর্তীতে আপ্যায়নের সময় প্রায়ই হট্টগোল হয়ে থাকে। যা এজিএমের মূল কার্যক্রম অর্থাত্ তালিকাভুক্ত কোম্পানির এজিএমে আলোচ্যসূচীর উপর আলোচনা ও অনুমোদনের প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়। এ বিষয়ে ইতিপূর্বে বিএসইসি ২০০০ সালের ২৪ অক্টোবর একটি নির্দেশনা দেয়। ওই নোটিফকেশন যথাযথভাবে পরিপালন নিশ্চিত করার বিষয়টি অনুসরনের বিষয়ে সার্কুলার জারীর সিদ্ধান্ত সভায় নেয়া হয়।