রংপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আটজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রংপুর
রংপুর মহানগরীর দর্শনা বিনোদপুরে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে নার্গিস বেগম (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। জানা যায়, ইনছান আলীর স্ত্রী খাইরুন নেছা ফ্রিজে বিদ্যুত্ সংযোগ দেয়ার জন্য প্রতিবেশী বাচ্চু মিয়ার স্ত্রী নার্গিস বেগমকে ডেকে আনে। এ সময় নার্গিস বেগম ফ্রিজে সংযোগ দেয়ার সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত্যু বলে জানায়। এদিকে এ ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করছেন নিহতের পরিবার।
সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদী থেকে গত বুধবার দুপুরে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।
নালিতাবাড়ী (শেরপুর)
নালিতাবাড়ী উপজেলার বাইটকিয়ামারী গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুস সামাদের কন্যা খাদিজা বেগম (১৮) নামে বোন নিহত ও ছোট ভাই আহত হয়। জানা গেছে, খাদিজা বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ছোট ভাই রুবেল তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের শক খেয়ে আহত হয়। বাড়ির লোকজন খাদিজাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানায়।
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
জগন্নাথপুর পৌর জালালপুর থেকে গতকাল বৃহস্পতিবার জামে মসজিদের মিনারার শয়নকক্ষ থেকে শামরান আহমদ (২৫) নামে এক মোয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে হবিবপুর আলিয়া মাদ্রাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের গোলাম মোস্তফার পুত্র।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
গোমস্তাপুরে উপজেলার চরউদয়ননগর এলাকায় গত বুধবার শারীরিক প্রতিবন্ধী পপি (২২) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। জানা যায়, গত মঙ্গলবার রাতে বাড়ির পাশে এক বাড়িতে চার্জে থাকা মোবাইল নিয়ে বাড়ি ফেরার পথে ভেড়ীবাজার এলাকার মাদকাসক্ত দুখু (৪৫) ও কাঁঠাল এলাকার মামুন (২৮) তার পথরোধ করে শ্লীলতাহানির উদ্দেশ্য মুখে কাপড় গুজে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিত্কারে এলাকার লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে গেলেও দুখুকে আটক করে এলাকাবাসী। তার মোবাইল ও কানের দুল ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মজিবুরের স্ত্রী মেরিনাকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এক শালিস বৈঠকে দুখু ও মামুন স্বীকার করে যে পপিকে শ্লীলতাহানির উদ্দেশ্যে অপহরণ করার চেষ্টা করে। এ ঘটনার গ্লানি সইতে না পেরে পপি বাড়ির পাশে আমবাগানে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
বাজিতপুর (কিশোরগঞ্জ)
বাজিতপুর উপজেলার তাতালচর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে মুসা মিয়ার মেয়ে রুনা আক্তার (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রুনা আক্তার গত বছর অষ্টম শ্রেণিতে ফলাফল ভালো না করায় নবম শ্রেণিতে আর পড়তে চায়নি। এরপর থেকেই সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কুমারখালি (কুষ্টিয়া)
কুমারখালি উপজেলার হিজলাকর গ্রামের সেকেন আলীর মেয়ে রওশন আরা দিতি (১৭) নামে এক কলেজ ছাত্রী বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে। এ বছর সে এসএসসি পরীক্ষায় জিপি্এ-৫ পেয়ে পাশ করে কুমারখালি কলেজে ভর্তি হয়।
জানা গেছে, বুধবার রাতে দিতি কলেজের পড়া শেষ করে ঘরে ঘুমিয়ে পড়ে। রাত একটার দিকে গায়ে জ্বালা করছে এ অবস্থায় হঠাত্ ঘুম ভেঙে চিত্কার করতে থাকে দিতি। সে সময় পরিবারের লোকজন দেখতে পায় দিতির বাম হাতের বাহুতে সাপে কামড়ানোর ক্ষত। স্থানীয় কবিরাজ, ওঝা দিয়ে ঝাড়ানোর পর কোনো উন্নতি না হলে ওই রাতেই প্রথমে কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।
পাঁচবিবি (জয়পুরহাট)
পাঁচবিবি উপজেলার রামনগর গ্রামে গত মঙ্গলবার ওবায়দুল ইসলাম গনির মেয়ে বৃষ্টি (১২) গাছ থেকে পড়ে আহত হয়। পরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সে মারা যায়। জানা গেছে, উপজেলার কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী বৃষ্টি গত মঙ্গলবার বাড়ির পাশে গাছে জলপাই পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে পরে মারাত্মক আহত হয়।
