হোমনায় ইউএনওকে বরণ ও বিদায় সংবর্ধনা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার হোমনার নবাগত ইউএনও এএসএম শাহেদুল ইসলামকে বরণ ও বিদায়ী ইউএনও মো. হেলাল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান জহিরুল হক। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা ও শেফালী বেগম, টিএইচও ডা.মো. হারুন-অর-রশিদ, ওসি আসলাম সিকদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকাম নূরুল আমিন, কৃষি কর্মকর্তা জুলফিকার আলী,অধ্যাপক মো. দেলোয়ার হোসেন ও খুর্শিদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, বিআরডিবির চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
গাজীপুর প্রতিনিধি \ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে গত বুধবার গাজীপুরের রাজাবাড়ি স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজেন্দ্রপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা কুতুবউদ্দিন আহমেদ চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় বিএনপি নেতা শেখ ফরিদা জাহান স্বপ্না, আহমদ আলী মাস্টার, শাহানুর সরকার, সিরাজউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। একই দিন জেলা যুবদল নেতা শওকত হোসেন বাবুর নেতৃত্বে চান্দনা চৌরাস্তায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গলাচিপায় মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ অব্যাহত রয়েছে। গত বুধবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৯০ দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার রাজু আহমেদ স্থানীয় প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বিএনপি’র গলাচিপা উপজেলা সভাপতি শাহজাহান খান প্রায় প্রতিদিনই পটুয়াখালী-৩ আসনের কোন না কোন এলাকায় গণসংযোগ করে চলেছেন। এদিকে সম্ভাব্য নির্বাচনের দিন যতই সামনে এগিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা।
সোনারগাঁয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে সভা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে গত বুধবার সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা। বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ব্র্যাক ওয়াশ সোনারগাঁ শাখার ম্যানেজার ক্রনবেশ ঘরানী, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মদ মোল্লা বাদশা প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্ত থেকে গত বুধবার রাতে আনোয়ার হোসেন (২০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আটককৃত আনোয়ার মেগদাপাড়ার শহীদ উদ্দিনের ছেলে। ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের সোনামতি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, রত্নাই সীমান্তের ৩৮২/২ এস পিলারের ওপারে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন আনোয়ার। এ সময় বিএসএফ তাকে আটক করে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
কাঠালিয়ায় বিশ্ব খাদ্য দিবস পালিত
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দীনের সভাপতিত্বে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার। এতে বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ সাইদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা আমুয়া এলএসডি মোঃ মোশারফ হোসেন, এলজিইডি প্রকৌশলী মাহমুদ আল ফারুক, শিক্ষা অফিসার জিয়াদ হাসান, সমবায় অফিসার মোঃ আবদুর রব হাওলাদার, প্রকল্প কর্মকর্তা মফিজুর রহমান প্রমুখ।
সাটুরিয়ায় ভিশন-২০২১ শীর্ষক আলোচনা
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা \ বর্তমান সরকারের সারে ৪ বছর উপলক্ষে দিন বদলের সনদ ভিশন-২০২১ অর্জন শীর্ষক আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন ও সংগীতানুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল আলম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
গোমস্তাপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ “সুস্বাস্থ্যের জন্য চাই পুষ্টিকর খাদ্য ব্যবস্থা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন বুলবুল, কৃষি কর্মকর্তা আঃ বারী, মত্স্য কর্মকর্তা শামসুল করিম, খাদ্য পরিদর্শক শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জবদুল হক ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ।
মধুপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ জলবায়ু পরিবর্তন:কৃষি ও খাদ্য বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার মধুপুর উপজেলার জলছত্র শান্তিনিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জয়েনশাহী আদিবাসি উন্নয়ন পরিষদ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিন নকরেক। বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মির ফরহাদুল আলম মনি, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মামুন, এডভোকেট সোমনাথ লাহিডী, এসবিসির নির্বাহী পরিচালক নীলিপ ম্রং, কৃষিবিদ ফান্সিস হালদার প্রমুখ।
নন্দীগ্রাম শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে গত বুধবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি নেতা আলাউদ্দিন সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন আদর প্রমুখ।
সুজানগরে সাবেক এমপির গণসংযোগ
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গত চারদিন ধরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকার দুলাই, আহম্মদপুর, হাটখালী এবং সাগরকান্দী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা এবং কুশলাদী বিনিময় করেন।
মহেশপুরে গাঁজা ও ফেনসিডিল আটক
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত বুধবার রাতে উপজেলার যাদবপুর ও সামন্তা সীমান্ত থেকে ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে প্রকাশ, সামন্তা ক্যাম্পের হাবিলদার মাহবুব অভিযান চালিয়ে সামন্তা জীবননগর পাড়া থেকে ৫ কেজি গাঁজা ও ২টি নতুন বাইসাইকেল বুধবার রাত ১১টায় আটক করে। এবিষয়ে মহেশপুর থানায় জিডি হয়েছে।
কাহারোলে স্যানিটেশন মাস উদ্বোধন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি \ কাহারোলে জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন হয়েছে। গত বুধবার ব্র্যাক ওয়াশের সহযোগিতায় এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রবিউল ফয়সাল। উদ্বোধন শেষে র্যালি বের হয়। র্যালি শেষে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মধুসুদন দাস, ব্র্যাক ওয়াশ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেদওয়ানুজ্জামান চৌধুরী, ৬নং ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, প্রধান শিক্ষিকা এদিপ খালেদা হানুম, প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালতের লক্কর-ঝক্কর গাড়ির জরিমানা
বান্দরবান প্রতিনিধি \ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বান্দরবানে লক্কর-ঝক্কর মার্কা পূরবী-পূর্বাণী বাস সার্ভিস চলাচল দুই ঘন্টা বন্ধ ছিল। এসময় পূরবী-পূর্বাণীর ফিটনেসবিহীন গাড়িগুলো দ্রুত বাসস্টেশন থেকে বিভিন্নস্থানে সরিয়ে নেয়া হয়। এছাড়াও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসগুলোর যাত্রীদেরও স্টেশনের প্রায় এক কিলোমিটার আগে পাহাড়ের উপর নামিয়ে দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযানকালে একটি পূর্বাণী বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামির আল ইয়ামিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম বান্দরবান কেন্দ্রীয় বাসস্টেশনে অবস্থানরত বাস সার্ভিসগুলোর কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চালায়।
কোটালীপাড়ায় প্রিপ ট্রাস্টের মতবিনিময়
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা এসডিসির আর্থায়নে ও প্রিপ ট্রাস্টের অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গুণগত স্বাস্থ্য সেবা প্রদান ও প্রাপ্তিতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার পিনঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাস। বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যদুনাথ মজুমদার, প্রিপ ট্রাস্টের প্রোগ্রাম অফিসার আব্দুর রাজ্জাক।
মাধবপুরে ধনেশ পাখির জন্যে গাছ রোপণ
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশে প্রায় বিপন্ন প্রজাতির পাখি ধনেশ। তার ইংরেজী নাম হর্নবিল। এ পাখির জন্যে বিশিষ্ট পাখি বিশারদ ড. রোনাল্ড হায়দার ভারতের আসাম প্রদেশের কাজীরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে বান্দরদিমানামীয় ২টি গাছের চারা সংগ্রহ করে সাতছড়ি ন্যাশনাল পার্কে রোপণ করেছেন। ড. রোনাল্ড হায়দার জানান, এ প্রজাতির গাছ বাংলাদেশের কোথাও নেই, লক্ষ্য করা গেছে এ প্রজাতির গাছের লাল জাতীয় ফল ধনেশ পাখির খুবই প্রিয় এবং এ গাছে দনেশ পাখি বেশি বসে।
জাতীয়করণের তালিকায় বেতাগী ও আমতলী ডিগ্রী কলেজ
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ অবশেষে জাতীয়করণের তালিকায় নাম এসেছে বরগুনা জেলার বেতাগী ও আমতলী ডিগ্রি কলেজের। বাস্তবায়িত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি। বরগুনা জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে ১৯৭২ সালে বেতাগী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই কলেজটি শিক্ষা বিস্তারে পালন করছে বলিষ্ঠ ভূমিকা। ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে রাখছে গৌরবদীপ্ত অবদান। বর্তমানে কলেজটিতে সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। অনার্স চালু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কলেজ অধ্যক্ষ মো. মজিবুর রহমান।
চরভদ্রাসনে ১৮ দলীয় জোটের প্রস্তুতি সভা
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি’র পার্টি অফিসে ১৮ দলীয় জোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মাদ মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সেক্রেটারী মোতাজ্জেল মৃধা, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী শাহজাহান শিকদার, উপজেলা জামায়াত ইসলামের আমির শামসুল ইসলাম মিন্টু, সেক্রেটারী আতিকুর রহমান। জানা যায়, উক্ত প্রস্তুতি সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানা বিএনপি’র সেক্রেটারী মোতাজ্জেল মৃধাকে আহবায়ক ও জামায়াতের সেক্রেটারী আতিকুর রহমানকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট উপজেলা সংগ্রাম কমিটি ও ভোটকেন্দ্র ভিত্তিক ১০১ জন সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়।
তালায় গাঁজা ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালায় গাঁজা ব্যবসায়ী শরিফুল বিশ্বাস ওরফে পাকিস্তানী মেজভাই (৪২) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত রায় প্রদান করা হয়। এর আগে বুধবার বিকালে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(আবগারী) ইন্সপেক্টর কাজী মাহামুদ হারুনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পাটকেলঘাটার মজুমদার পেট্রোল পাম্পের সামনে একটি কাঠগোলার মধ্য থেকে ২শ’ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের কল্কিসহ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইগাতীতে ভুয়া প্রকল্প সাজিয়ে চাল গম লুটপাট
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১শ’ টন টিআরের চাল গম হরিলুটের ঘটনায় দুদকের মামলা থেকে জড়িতরা দৌড়ঝাপ শুরু হয়েছে। জড়িতরা ওই মামলা থেকে রেহাই পেতে নানা কৌশল অবলম্বন করে আসছে। ২০১২-১৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১শ’ টন সাধারণ টিআরের চাল বরাদ্দ আসে। এসব টিআরের চাল-গম মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে ভুয়া প্রকল্প সাজিয়ে সংশ্লিষ্ট একটি সিন্ডিকেট কালো বাজারে বিক্রি করে তা আত্মসাত্ করে। পরবর্তীতে উপজেলা রবিউল আলম বদলি হয়ে রেজাউল করিম তার স্থলাভিষিক্ত হলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। নির্বাহী অফিসার রেজাউল করিম সরেজমিনে তদন্ত পূর্বক ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে তথ্য প্রেরণ করেন।
শিবালয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের মাংস বিতরণ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় ৩ শতাধিক গরীব, প্রতিবন্ধী, বিধবা ও দুঃস্থদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সওয়াব’র সহযোগিতায় তুরস্কের হায়রাত হিউমেনিটেরিয়েন এইড এসোসিয়েশন পবিত্র ঈদুল আজহার গোশত বিতরণ করে। শিবালয়ের অন্যতম এনজিও এসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্টের (এএসডি) উদ্যোগে বুধবার বরংগাইলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর ইউপি চেয়ারম্যান আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন ডিউক।
