‘প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার বাস্তবতা এবং আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা আগামী নির্বাচনে প্রতিবন্ধীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, প্রতিবন্ধীদের সম্পর্কে সবার দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। জার্মান দূতাবাসের সহায়তায় সমতাল ও প্রতিবন্ধীদের সংগঠন অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য, পরিবারকল্যাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. ওসমান ফারুক, বিশ্বব্যাংকের পরামর্শক ড. আবুল হোসেন, ইত্তেফাক এর ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, এটিএন নিউজ এর নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স সম্পাদক প্রভাষ আমিন, ঢাকা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর জুলফিকার আলী মানিক, ডিআরআরএর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন প্রমুখ।
প্রতিবন্ধীদের সংগঠন বাংলাদেশ এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মোশারফ হোসেন এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন দৈনিক সমকাল এর নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি ও এডিডি’র প্রকল্প ব্যবস্থাপক এম নুরুন্নবী।
