প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মহাজোট সরকারের আমলে জনশক্তি রপ্তানি খাতে শৃংখলা ফিরে আসায় অতীতের যেকোন সময়ের চেয়ে প্রতারণা হ্রাস পেয়েছে। এই সময়ে রেকর্ড পরিমাণ ১০ লাখ ৪৩ হাজার ২৪২ জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছেন বলেও তিনি জানান। তিনি বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
সমপ্রতি, মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধ করার যে কর্মসূচি নিয়েছিল তাতে দুই লাখ ৬৭ হাজার ৮০৩ জন বাংলাদেশি রেজিষ্ট্রেশন সম্পন্ন করে বৈধ হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের অব্যাহত কূটনৈতিক তত্পরতার ফলে অতীতে অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের দেশে ফেরত না পাঠিয়ে সে দেশের সরকার কাগজপত্র ঠিক করে বৈধ হবার সুযোগ করে দেয়। মন্ত্রী আরো বলেন, এরপরেও নির্ধারিত সময়ে প্রতারকদের খপ্পরে পড়ে যারা এখনও বৈধ হতে পারেননি তাদের মালয়েশিয়া সরকার ২১ অক্টোবর থেকে আগামী বছরের ২১ জানুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সময় বৃদ্ধি করেছেন। ব্রিফিংয়ে আরো জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানকারী যে সকল নিবন্ধিত শ্রমিকের বাংলাদেশি পাসপোর্ট নেই তারা কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
