দেশের জনসংখ্যা ঈপ্সিত পর্যায়ে রাখা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাল থেকে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক সেবা ও প্রচার সপ্তাহ শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এমএন নিয়াজউদ্দিন এ কথা জানান।
লিখিত বক্তব্যে সচিব এমএন নিয়াজউদ্দিন বলেন, অল্প বয়সে বিয়ে, কিশোরী মাতৃত্ব, কিশোরী মাতৃমৃত্যু এসব বিষয়ে অনচেতনতার কারণে বাংলাদেশের জনসংখ্যার হার বেশি। আর অপরিমিত জনসংখ্যা যে কোন দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায়। বিশেষত এর ফলে মানুষের মৌলিক চাহিদা বিঘ্নিত হয়। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মহাপরিচালক গণেশ চন্দ্র সরকার, পরিচালক (প্রশাসন) ডা. একেএম মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ) সাইকুজ্জামান, পরিচালক (পরিকল্পনা) রীনা পারভীন, পরিচালক (এমআইএম) বাবর আলী প্রমুখ।
