পূর্ব ঘোষিত কর্মসূচির আওতায় গতকাল দেশজুড়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিক্ষোভ সমাবেশ করেছে। বিভিন্ন স্থানে প্রশাসন ১৪৪ ধারা জারিসহ নেতাকর্মীদের গ্রেফতার করেছে। হামলা-পাল্টা হামলায় আহত হয়েছেন অনেকে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট।
মেহেরপুর
সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে পৌর বাসস্ট্যান্ডে ১৮ দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
নীলফামারী
জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, সদস্য সচিব শামসুজ্জামান জামান, জহুরুল আলম প্রমুখ।
গাজীপুর
বিরোধী দলের নাশকতা রোধে গাজীপুরে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ। গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। দুপুরে চান্দনা চৌরাস্তা থেকে একটি মিছিল জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে মিলিত হয়ে এক সমাবেশ করে। আওয়ামী লীগ নেতা এসএম মোকছেদ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, আ. কাদের, আফজাল হোসেন সরকার রিপন, হীরা সরকার, আব্দুর রশিদ, কবির মন্ডল, কাদির মন্ডল, সাইফুল মোল্লা প্রমুখ।
কেশবপুর (যশোর)
শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে একই সময়ে সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার বিকেল ৩ টায় কেশবপুর থানা ও পৌর বিএনপি শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে সমাবেশের ডাক দিয়ে বৃহস্পতিবার শহরে মাইকিং করে। এরপর একই সময়ে একই স্থানে আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ ডেকে শহরে মাইকিং করে। এ ঘটনায় উভয়পক্ষের ভিতর উত্তেজনা বিরাজ করতে থাকে। কেশবপুরে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মসূচির সহঅবস্থান থাকলেও ওই কর্মসূচিতে শান্ত পরিবেশ অশান্ত হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
গোপালপুর (টাঙ্গাইল)
আওয়ামী লীগ ও বিএনপির ডাকা মিছিল সমাবেশকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামার আশঙ্কায় গোপালপুর পৌরশহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুরাইয়া বেগম জানান, জনগণের জানমাল রক্ষায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে। ওসি জসিমউদ্দীন জানান, দাঙ্গা হাঙ্গামার আশঙ্কায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পৌরশহরে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে।
কলারোয়া (সাতক্ষীরা)
কলারোয়ায় জামায়াত শিবির পৌর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে তারা সহিংসতা ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। এসময় জামায়াত শিবিরের হামলায় একটি দোকান ভাংচুরসহ ১০ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়।
অন্যদিকে কলারোয়া উপজেলা জামায়াতের অফিসের সামনে এক সমাবেশ করে। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম, জামায়াত নেতা কামরুজ্জামান, আহম্মদ আলী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বুলবুল প্রমুখ।
সুজানগর (পাবনা)
পাবনার সুজানগরে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়। সুজানগর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, একই দিনে সুজানগর পৌরসভার এনএ কলেজ মাঠে প্রথমে সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে সুজানগর উপজেলা বিএনপি এবং পরে উপজেলা আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে সমাবেশ আহবান করেন। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন কেবল পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
বটিয়াঘাটা (খুলনা)
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি পৃথক পৃথক ভাবে মিছিল বের করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চানন বিশ্বাসের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। তাদের মিছিল শেষ হলে থানা বিএনপির সভাপতি আমীর এজাজ খানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। উভয় মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ করে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভালুকা (ময়মনসিংহ)
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবুল হাশেম, আনোয়ার উদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, আজমল হোসেন ফারুক, হাফেজ আবুল কাশেম, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, তারেক উল্যাহ চৌধুরী, সিরাজুল ইসলাম ঢালী, রুহুল আমীন, হাসিনা তালুকদার, গোলাপী আক্তার, উসমান গনি মাখন, রকিবুল হাসান রাসেল, মতিউর রহমান মিল্টন, আতিকুজ্জামান লস্কর, শাখাওয়াত হোসেন পাঠান, খালেদুজ্জামান তালুকদার প্রমুখ।
সিংড়া (নাটোর)
উপজেলা কোর্ট মাঠ চত্বর থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকে ১৮ দলীয় জোটের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশে জেলা জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাউদার মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা ১৮ দলীয় জোটের আহবায়ক অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।
দুমকি(পটুয়াখালী)
দুমকি উপজেলা শাখা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে দুমকি সদর প্রদক্ষিণ করার সময় থানা ব্রিজ ও সিনেমা হল এলাকায় মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের ফেস্টুন ছিঁড়ে ফেলে মিছিলটি বিএনপি কার্যালয়ে এসে শেষ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন উপজেলা জাসাস সভাপতি মামুন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম মহিলা দলের সভাপতি আমেনা খলিল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান।
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজালাল মিয়ার সভাপতিত্বে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল রশিদ ভূঁইয়া, গোপালদী পৌরসভার মেয়র আ. হালিম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল হক, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. নাছির প্রমুখ।
নাঙ্গলকোট (কুমিল্লা)
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । মিছিল শেষ রেল স্টেশন চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, পৌর মেয়র সামছুদ্দিন কালু, সাবেক ভিপি হুমায়ন কবীর, অধ্যক্ষ আবু ইউছুপ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহজাহান ভূঁইয়া, সেক্রেটারী অধ্যাপক জাকির হোসেন, যুবলীগ সভাপতি আবদুল মালেক, ছাত্রলীগ সভাপতি আবু ইউছুপ ভুঁইয়া প্রমুখ।
নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়া নন্দীগ্রাম উপজেলার বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। তবে যান চলাচল স্বাভাবিক থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
লোহাগড়া (নড়াইল)
বিএনপিসহ ১৮ দলীয় জোটের কর্মসূচির প্রতিবাদে লোহাগড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এস কে আবু বাকেরের নেতৃত্বে লোহাগড়া পাইলট স্কুল চত্বর থেকে বিক্ষোভ মিছিল হয়। অপরদিকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আব্দুল হান্নান রুনুর নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে।
