রাজৈরে জেএসসি এসএসসি পরীক্ষার খাতা উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:২৫
রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান আল-আমীন মোল্যা বৃহস্পতিবার আড়ুয়াকান্দি ন,ব উচ্চবিদ্যালয় পরিদর্শনকালে লাইব্রেরী ও কম্পিউটার রুম থেকে ২৯৩০টি জেএসসি ও এসএসসির পরীক্ষার অতিরিক্ত খাতা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ খাতাগুলো জব্দ করে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত এব্যাপারে কোন মামলা বা কেউ গ্রেফতার হয়নি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিব কুমার বালা জানান- কিভাবে এ বিপুল পরিমাণ খাতা রয়ে গেল তা বোধগম্য নয়। তবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুলটি এ উপজেলার কদমবাড়ী কেন্দ্রের একটি ভেন্যু ছিল। উপজেলা চেয়ারম্যান জানান, স্কুল পরিদর্শনে গেলে কম্পিউটার কক্ষে কাগজ দিয়ে ঢাকা কিছু দেখে সন্দেহ হয় এবং কৌতূহলবশত উল্টিয়ে ১১ বান্ডিল খাতা দেখতে পাই এবং আরো তল্লাশি চালিয়ে প্রধান শিক্ষকের কক্ষের আলমারীর ওপর থেকে আরো ৪ বান্ডিলসহ মোট ১৫ বান্ডিল খাতা উদ্ধার করি । স্কুল কর্তৃপক্ষ জানায় ১৫ বান্ডিলে জুনিয়র পরীক্ষার ৯১১টি এবং এসএসসি পরীক্ষার ২০১৪টি অতিরিক্তি খাতা ও জুনিয়র পরীক্ষার ৫ পিস নষ্ট মূল খাতা রয়েছে। ভেন্যু সচিব ও উক্ত স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস খাতা উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান আমি ষড়যন্ত্রের শিকার। প্রতিবারই পরীক্ষা শেষে যথাযথ নিয়মে অতিরিক্ত খাতা মূল কেন্দ্রে জমা দেই। কিন্তু এবারে খাতাগুলো কিভাবে আমার কক্ষে আসলো তা রহস্যজনক । কেন্দ্র সচিব অনিল দত্ত জানান, ভেন্যু সচিব পরীক্ষা শেষে অতিরিক্ত খাতা ফেরত না দিয়ে ব্যয় দেখানোর কারণেই এ বিপুল পরিমাণ খাতা গত ৪ বছর যাবত্ জমা হয়েছে্। উপজেলা নির্বাহী অফিসার হায়াত দৌলা খান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।