কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ.ম. মো. সাঈদ বৃহস্পতিবার স্ত্রী হত্যার দায়ে স্বামী ও ভাসুরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। স্বামী চানমিয়া জেলহাজতে আটক এবং ভাসুর সুরুজ আলী পলাতক রয়েছে। সাক্ষ্য-প্রমাণের অভাবে অপর একজনকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার বিবরণে প্রকাশ, তাড়াইল উপজেলার দাউদপুর গ্রামের চানমিয়া পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার পূর্ব দরিল্লা গ্রামের মো. মোস্তফার কন্যা শেলীকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর চান মিয়ার বড় ভাই সুরুজ আলী শেলীকে কু প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। পরে ২০০৬ সালের ২৭ এপ্রিল রাতে শেলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়। এ ব্যাপারে নিহত গৃহবধূর পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ স্বামী চানমিয়াকে গ্রেফতার করে।
