যুক্তরাষ্ট্রের গোপন নথিতে দেখা গেছে, পাকিস্তান সরকারের কর্মকর্তারা বছরের পর বছর ধরে সিআইএর চালকবিহীন বিমান (ড্রোন) হামলার কথা জানত এবং এর অনুমোদনও ছিল।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা সিআইএর নথি এবং পাকিস্তানি কূটনৈতিক মেমো থেকে একথা জানিয়েছে। এ সমস্ত নথিতে কর্মকর্তাদেরকে নিয়মিত গোপন ব্রিফিং দেয়ার ইঙ্গিত আছে।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পাকিস্তান প্রকাশ্যে ড্রোন হামলার নিন্দা করলেও এ ধরনের হামলার মৌন সম্মতি দিয়ে রেখেছিল বলে অনেকদিন ধরে ধারণা করে আসছিলেন বিশ্লেষকরা। পত্রিকাটির সংগৃহীত নথিতে গত কয়েক বছরে পাকিস্তানে অন্তত ৬৫টি ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো অতি গোপন নথি হিসাবে চিহ্নিত থাকলেও পাকিস্তানে প্রকাশের জন্য ক্লিয়ারেন্স দেয়া হয়।
ওয়াশিংটন পোস্ট জানায়, নথিগুলোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ড্রোন কর্মসূচির বিস্তারিত সময়সূচি দেয়া আছে। ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের এক মুখপাত্র ওই পত্রিকার পক্ষ থেকে মন্তব্যের জন্য করা অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সিআইএও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
