২০ বছর বয়সে ৭৯ খুন!

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৩৩
মেক্সিকোর ২০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ৭৯ জনকে হত্যার অভিযোগ উঠেছে। কর্মকর্তাদের কাছে ৪৫ জনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেও, তদন্তে আরো ৩৪ জনেরও বেশি মানুষকে খুনের সঙ্গে ওই ব্যক্তি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। জানা গেছে, দেশটির মন্টেররেই থেকে হুয়ান পাবলো ভাস্কুইজকে চলতি মাসের প্রথমদিকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে মাদক বিক্রির অভিযোগে তাকে আটক করা হয় বলে নুয়েভো লেওনের প্রাদেশিক নিরাপত্তা মুখপাত্র জর্জ ডোমিনি জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে ডোমিনি জানান, ভাস্কুইজ স্থানীয় একটি অজ্ঞাত অপরাধীচক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন। তিনি ইতোমধ্যে ৪৫ জনকে হত্যার কথা স্বীকার করেছেন। মেক্সিকোয় মাদককেন্দ্রিক সহিংসতা একটি নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। মাদকের ব্যবসা ও নিয়ন্ত্রণ নিয়ে অপরাধীচক্রের বিরোধ ও সহিংসতায় দেশটিতে প্রতিমাসে প্রায় ১ হাজার মানুষ নিহত হয়। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে মাদককেন্দ্রিক সহিংসতায় ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন।