একুশে টিভিতে শুরু হচ্ছে নতুন ২ ধারাবাহিক

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:১৮
ঈদের রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য একুশে টেলিভিশন নিয়ে আসছে দুটি নতুন ধারাবাহিক নাটক। ভিন্ন স্বাদের গল্প এবং দেশের জনপ্রিয় তারকা অভিনেতাদের নিয়ে নির্মিত ধারাবাহিক দুটি হচ্ছে ‘থ্রি কমরেডস’ এবং ‘সংসার সীমান্তে’। কমেডি ধাঁচের গল্প ‘থ্রি কমরেডস’ নাটকটির গল্প গড়ে উঠেছে একটি মেস বাড়িকে কেন্দ্র করে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় নির্মিত ‘থ্রি কমরেডস’ নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল। নাটকটিতে আর অভিনয় করেছেন নওশীন, অহনা, সীমানা, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, ড. ইনামুল হকসহ আরও অনেকে। নাটকটি প্রতি রবি এবং সোমবার রাত ৮টা ২০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে। অন্যদিকে ‘সংসার সীমান্তে’ ধারাবহিক নাটকটি সম্পূর্ণরূপে হাসি-কান্না, সুখ-দুঃখ সহ বিভিন্ন নাটকীয়তায় ভরা একটি পারিবারিক নাটক। এ আলম খানের রচনা এবং কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় ‘সংসার সীমান্তে’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আজিজুল হাকিম, মীর সাব্বির, নাদিয়া, আলভী, ওভিদ রেহান, পুতুল, শামীম জমান, শিরীন আলম, সাবেরি আলম, আলিউল হক রুমি প্রমুখ। নাটকটি প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।