কৃষকের প্রয়োজনে সার আমদানির সুপারিশ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:২২
কৃষকের চাহিদা মেটাতে প্রয়োজনে বিসিআইসিকে বিদেশ থেকে সার আমদানি করতে বলেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সার আমদানি করার কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকের শুরুতে কমিটির সদস্যরা সারাদেশে সারের সরবরাহ, মজুদ, বিতরণ এবং আমদানির বাস্তব অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, সার মজুদের পরিমাণ ও বিতরণ ব্যবস্থা সন্তোষজনক রয়েছে। এরপরও কমিটি কৃষকের প্রয়োজন অনুযায়ী সারের চাহিদা মেটাতে বিসিআইসিকে প্রয়োজনে বিদেশ থেকে সার আমদানি বৃদ্ধি করার সুপারিশ করেছে। বৈঠকে চিনি সরবরাহ, বিতরণ এবং মজুদ পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। মজুদের পরিমাণ ও সরবরাহ ব্যবস্থা যথাযথ থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। কমিটি দেশীয় শিল্পগুলোকে রক্ষার জন্য দেশীয় শিল্প থেকে উত্পাদিত পণ্য সামগ্রী সরকারি কাজে ব্যবহার করার উপর গুরুত্ব দিতে মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। এছাড়াও বৈঠকে বিসিআইসি নিয়ন্ত্রিত কলেজগুলোতে কর্মরত অধ্যাপকদের পদোন্নতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘদিন কর্মরত থাকার পরও যে সকল অধ্যাপকের পদোন্নতি হয়নি তাদেরকে পদোন্নতির ব্যবস্থা করতে বিসিআইসি ও মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এর আগে কমিটি বাংলাদেশ কেমিকেল ইন্ডাষ্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি), বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন (বিসিক), বিটাক এবং বিএসটিআই এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। কমিটির সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, মুহিবুর রহমান মানিক, মো. মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, মো. আলী আজগার এবং সুলতানা বুলবুল বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বৈঠকে উপস্থিত ছিলেন। শিল্প সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।