স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা দেশের শত্রু। এদের দমন করে জনগণের জানমাল-সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব। শান্তি-শৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িতদের দমনে রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করা হবে।
বৃহস্পতিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে হুইপ আ স ম ফিরোজের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ কথা জানান। এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে পৃথক কোন চুক্তি স্বাক্ষর করার প্রয়োজন নেই। হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ-ভারতের সীমান্ত রক্ষীদের মধ্যে সমঝোতা স্থাপন এবং তা রক্ষা করার প্রয়োজন রয়েছে।
