বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে।
এ মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহিমের সাক্ষ্য শেষ হওয়ার মাধ্যমে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মোতাহার হোসেনের আদালতে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্ত হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। একইসঙ্গে ২৭ অক্টোবর আসামি মামুনের আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য করা হয়।
সাক্ষ্য গ্রহণের সময় মামুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও এবিএম খায়রুল ইসলাম লিটন সাক্ষীকে জেরা করেন।
