পেশাগত অসদাচরণের অভিযোগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বৃহস্পতিবার এই নোটিস দেয়া হয়। আগামী ৭ নভেম্বরের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় বার কাউন্সিল বিধি অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. আফজাল-উর রহমান জানান, ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালনকালে পেশাগত আচরণবিধির মারাত্মকভাবে লঙ্ঘনের অভিযোগে তার আইনজীবী সনদ বাতিল চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপির স্ত্রী ফারহাত কাদের চৌধুরী একটি আবেদন করেন। ওই আবেদনে প্রসিকিউশন পক্ষে সাক্ষীদের ম্যানুপুলেট ও স্কাইপি সংলাপে সহায়তা, বিচারকের সঙ্গে গোপনে সম্পর্ক রাখা ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।
নোটিসটি পাওয়ার পর জেয়াদ আল মালুম জানান, যে সকল অভিযোগে ওই আবেদনটি করা হয়েছে, সেগুলোর সবই মীমাংসিত। এসব অভিযোগ তারা ট্রাইব্যুনালেও করেছিল, যা খারিজ হয়ে যায়।
