আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার অনুষ্ঠেয় ছয় খেলার একটিতে ম্যানেজারবিহীন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে তাদের অবস্থান আরো সংহত করার জন্য। তবে এ সপ্তাহে প্রিমিয়ার লিগের সবচাইতে আকর্ষণীয় খেলাটি দেখতে আগামীকাল রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবলামোদীদের। কেননা এদিন চেলসি নিজ মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে। তার আগে আজ লিভারপুল ওয়েস্ট ব্রোমউইচের বিপক্ষে, ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে স্টোক সিটির বিপক্ষে।
ক্রিস্টাল প্যালেস আজ যখন লিগের শীর্ষ দল আর্সেনালকে নিজেদের মাঠে স্বাগত জানাবে তখন দলটির ডাগআউটে থাকছেন না ইয়ান হলওয়ে।
ক্রিস্টাল প্যালেস চলতি মৌসুমে লিগের আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান নিচের দিক থেকে দুই নম্বরে। গত সপ্তাহে ফুলহ্যামের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হয় দলটি। ফলে ২০০১ সালের পর এই প্রথম টানা ছয় ম্যাচে হারলো তারা। দলের এই বাজে অবস্থার জন্য গত বুধবার কোচ ইয়ান হলওয়ে বরখাস্ত হন। অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হয়েছেন কেইথ মিলেন।
কোচ আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল চলতি মৌসুমে দারুণ খেলছে । আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দলটি। প্রতিপক্ষের মাঠে আগের ১৩টি ম্যাচে অপরাজিত আছে ওয়েঙ্গারের দল। এর মধ্যে দুটিতে ড্র ছাড়া বাকি ১১টিতেই জয় পেয়েছে তারা। তবে গত মঙ্গলবার নিজেদের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-১ ব্যবধানে হারের ক্ষত তারা এই ম্যাচে জিতে পুষিয়ে নিতে চাইবে। ওই ম্যাচে গোল করা অলিভার গেরুদ আর্সেনালের ওয়েবসাইটে লিখেছেন, ‘আমরা আগের ম্যাচে হেরেছি। কিন্তু প্রায় প্রতিটা খেলায় জিতেছি।’
ম্যানচেস্টার ইউনাইটেড আজ লিগের চলতি মৌসুমে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে স্টোক সিটিকে নিজেদের মাঠে আতিথ্য দেবে। বর্তমান চ্যাম্পিয়ন ইউনাইটেড আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগে অষ্টম অবস্থানে আছে। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আগের দুটি ম্যাচে জয় পায়নি কোচ ডেভিড ময়েসের দলটি। ওয়েস্ট ব্রোমের কাছে হার এবং সাউদাম্পটনের সাথে ড্র করে দলটি। এই ম্যাচে হারলে ২০০৫ সালের পর প্রথমবারের পর নিজেদের মাঠে টানা তিন ম্যাচে জয় বঞ্চিত থাকবে দলটি। তবে গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় রিয়াল সোসিয়েদাদকে ১-০ ব্যবধানে হারানোর স্মৃতিই ময়েসের দলকে মনোবল যোগাচ্ছে। এই ম্যাচে ফিরতে পারেন আঙ্গুলের ইনজুরির কারণে দলের বাইরে থাকা রবিন ভন পার্সিকে।
এদিকে আজ লিভারপুলের মাঠে আতিথ্য নেবে ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিওন। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে আগের দুটি ম্যাচেই স্বাগতিকদের হারিয়েছে কোচ স্টিভ ক্লার্কের দলটি। টানা তৃতীয় জয়ের লক্ষ্যেই খেলবে তারা। লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত আছে ওয়েস্ট ব্রোম। এর মধ্যে গত মাসে তারা বর্তমান শিরোপাধারী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায়। তবে লিভারপুলের সাথে ম্যাচটি খুব একটা সহজ হবে না। চলতি মৌসুমে আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজিত হয়েছে স্বাগতিকরা। চেলসির সাথে ১৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় অবস্থানে আছে কোচ ব্রেনডন রজার্সের দলটি।
লিগের আট ম্যাচে সাত গোল করে এখনো পর্যন্ত শীর্ষ গোলদাতা ড্যানিয়েল স্ট্যারিজ। আর নিষেধাজ্ঞা কাটিয়ে তিন ম্যাচে মোট তিনটি গোল করেছেন লুইজ সুয়ারেজ। এই দুজনই রজার্সের মূল অস্ত্র। তবে কাঁধের ইনজুরির কারণে ব্রাজিলিয়ান প্লেমেকার ফিলিপে কোতিনহো এই ম্যাচে খেলতে পারবেন না। লিগে শেষ পাঁচবারের মুখোমুখিতে চারবারই জিতেছে ওয়েস্ট ব্রোম। তাই এই ম্যাচে সতর্ক থাকবেন লিভারপুল কোচ, ‘ওল্ড ট্রাফোর্ডে তারা জয় পেয়েছে। গত বছর তাদের বিপক্ষের ম্যাচগুলো থেকে আমরা বুঝেছি তারা খুবই বিপজ্জনক একটি দল। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছেন।’
আজকের খেলাগুলো
ক্রিস্টাল প্যালেস আর্সেনাল
অ্যাস্টন ভিলা এভারটনর
লিভারপুল ওয়েস্ট ব্রোমউইচ
ম্যানচেস্টার ইউনাইটেড স্টোক সিটি
নওরিচ সিটি কার্ডিফ সিটি
সাউদাম্পটন ফুলহ্যাম
