বাংলাদেশের কোথায় কী ধরনের আর্থিক সেবা রয়েছে তার বিস্তারিত তথ্যভিত্তিক বিশেষ একটি ডিজিটাল ম্যাপ উদ্বোধন করা হয়েছে। গ্রাহকরা www.fsc.com ঠিকানায় সার্চ করে ভৌগলিক তথ্য ব্যবস্থার (জিআইএস) মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকায় কোন কোন ব্যাংকের শাখা, এটিএম বুথ, এজেন্ট, ক্ষুদ্রঋণ সেবাপ্রদানকারী এনজিও ইত্যাদি বিষয়ে তথ্য জানতে পারবেন। বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) কর্মকর্তারা এ ম্যাপ ব্যবহার করে নতুন কোনো আর্থিক সেবার অনুমোদনে বিশেষ সহায়তা পাবেন।
গতকাল শনিবার গভর্নর ড. আতিউর রহমান রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) এ.কে.এন. আহমেদ মিলনায়তনে এ ম্যাপের উদ্বোধন করেন। এসময় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাসান জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথর্নীতি বিভাগের অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলী, খন্দকার মাজহারুল হক, ম্যাপ প্রকল্পের স্পন্সর গ্যাটস্ ফাউন্ডেশনের গ্রেগরি চেন উপস্থিত ছিলেন।
