আবারো বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৫
অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতির জন্য আরো ভবন নির্মাণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন ভবনের টেন্ডার আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে। নাম প্রকাশ না করে একজন কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, “ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রাক্কালে সমঝোতা অনুযায়ী আগামী কয়েক মাসে ইসরাইল অধিকৃত এলাকা এবং জেরুজালেমে ভবন নির্মাণের ঘোষণা দিয়ে যাবে। যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিন উভয়ই এই সমঝোতার ব্যাপারে অবগত। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরাইল-ফিলিস্তিন বিষয় নিয়ে আলোচনার জন্য ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার রোমে সাক্ষাত্ করেন। এর মাত্র একদিন পর ইসরাইল এই ঘোষণা দেয়। ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে বিরোধের প্রধান একটি কারণ জেরুজালেম। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল জেরুজালেম দখল করে। এরপর থেকেই জেরুজালেমের দখল নিয়ে দুই দেশ অশান্ত হয়ে ওঠে। ইসরাইলের জবরদখল ছাড়াও ভবিষ্যতে ইসরাইলের উপনিবেশের কী হবে সেটা নিয়েও দুই দেশের মধ্যে মতবিরোধ চলছে।