বার্লুসকোনি ‘ফোরজা ইটালি’পুনর্গঠন করলেন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৫
ইটালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি গত শুক্রবার ‘ফোরজা ইটালি’ নামে তার মধ্য-ডানপন্থি দলের পুনর্গঠন করেছেন। ফোরজা ইটালি নামেই তার দল ১৯৯৪ সালের নির্বাচনে জয়লাভ করেছিল। বর্তমান দল পিপল অব ফ্রিডমে সমর্থকদের সাথে এক বৈঠকে বার্লুসকোনি মন্ত্রীরা অনুগত থাকলে বর্তমান সরকারের প্রতি সমর্থন বজায় রাখবেন বলে জানিয়েছেন । প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার কোয়ালিশন সরকারের অন্যতম শরিক বার্লুসকোনির দল। সরকারের উপ-প্রধানমন্ত্রী এবং পিপল অব ফ্রিডম পার্টির সাধারণ সম্পাদক এঞ্জেলিনো আলফানা বৈঠকে উপস্থিত ছিলেন না। নতুন দলে আলফানাকে সাধারণ সম্পাদকের পদে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন বার্লুসকোনি। বৈঠকে তিনি সরকার ভেঙ্গে দেয়ার পদক্ষেপ ব্যর্থ হওয়ার ব্যাপারে আলোচনা করেন। তিনি বলেন পার্লামেন্টে আস্থা ভোটে তার দলের কিছু সদস্য তার অনুগত থাকেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা আস্থা ভোটে পরাজয়কে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তির লক্ষণ বলে অভিহিত করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী বার্লুসকোনি সবসময় বলে আসছেন বামপন্থি ম্যাজিস্ট্রেটরা তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে। বার্লুসকোনির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি,অপ্রাপ্ত বয়স্ক নারীর সাথে যৌন সম্পর্ক এবং একজন সিনেটরকে ঘুষ দেয়ার অভিযোগে মামলা হয়েছে।