অচিরেই বন্ধ হচ্ছে ড্রোন হামলা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৬
পাকিস্তানের আদিবাসী এলাকা-গুলোতে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা অচিরেই বন্ধ করা হবে বলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাক-মার্কিন যৌথ বিবৃতিতে ড্রোন হামলা নিয়ে কোনো কথা না থাকলেও যুক্তরাষ্ট্র সফরকালে নওয়াজ শরীফকে ব্যক্তিগতভাবে ওবামা এ আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক পাকিস্তানি কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক নওয়াজের সফরসঙ্গী পাকিস্তানের ওই কর্মকর্তা ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে বলেন, নওয়াজের যুক্তরাষ্ট্র সফরে ড্রোন ইস্যুতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ওয়াশিংটন ড্রোন হামলা বন্ধ করে দেয়ার কথা ভাবছে। পাকিস্তানের আদিবাসী এলাকাগুলোর আরো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর এ হামলা বন্ধ করে দেয়া হবে। এ কর্মকর্তা আরো জানান, ড্রোন হামলা বন্ধের ব্যাপারে ওবামা কোনো সময়সীমা নির্ধারণ না করলেও আগামী কয়েক মাসের মধ্যে তা বন্ধ হবে বলে আশা করছে ইসলামাবাদ। আরেকটি সূত্র বলেছে, ওবামা প্রশাসন এরই মধ্যে পাকিস্তানের নতুন সরকারকে জানিয়েছে যে, ২০১৪ সালের পর থেকে আর ড্রোন হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।