নিরবের চোখে অস্ত্রোপচার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৮
এ সময়ের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেতা নিরবের চোখে অঞ্জলি উঠার কারণে গত প্রায় ৩ সপ্তাহ ধরে কোনো শুটিংয়ে অংশ নিতে পারেননি। চোখে অঞ্জনি হওয়ার পর প্রাথমিক চিকিত্সা করলেও চোখের উন্নতি না ঘটলে গত সপ্তাহে চোখের অস্ত্রোপচার করতে হয় তাকে। অস্ত্রোপচার করেই এই অঞ্জনি ফেলে দেওয়া হয়। তবে এখনও নিরবের বাঁ চোখ খানিকটা ফুলে আছে। ডাক্তারের কথায় কয়েকদিনের মধ্যেই নিরবের চোখ পুরোপুরি ঠিক হয়ে যাবে। অন্যদিকে, কয়েকটি চলচ্চিত্রের শুটিং থাকা সত্ত্বেও এই চোখের অসুস্থতার জন্য শুটিংয়ে অংশ নিতে পারেননি নিরব। তারপরও গত ২৬ তারিখ রওয়ানা হন কুষ্টিয়ার উদ্দেশ্যে। কারণ, শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘ঢেউ’-এর শুটিংয়ে অংশগ্রহণের উদ্দেশ্যেই কুষ্টিয়া গিয়েছেন নিরব। এই ছবিতে আরও অভিনয় করছেন—তমা মির্জা, আমি, প্রাণ রায়, মামুনুর রশীদ, রিফাত চৌধুরী, মোমেনা হক। নিরব বলেন, ‘চোখে অঞ্জনি নিয়ে বেশ ক’টা দিন কাটাতে হলো। শেষ পর্যন্ত না পেরে গত ৪/৫ দিন হলো এর অপারেশন করালাম। এখনও চোখ খানিকটা ফুলে আছে, ব্যথাও আছে। এই নিয়েই কুষ্টিয়া চলে এলাম। ঈদের আগে এই ছবির ৫ দিনের এক লটের শুটিং হয়েছে। তখন অবশ্য আমার সিক্যুয়েন্স ছিল না। কিন্তু এখন প্রায় সবকটি সিক্যুয়েন্সেই আমার শুট। আগামী ৩১ তারিখ পর্যন্ত এর শুটিং চলবে।’