আজ ‘পাঁচফোড়ন’-এর পুনঃপ্রচার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৯
আজ বিকাল ৩টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে দর্শক প্রশংসিত ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছিল এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। উল্লেখ্য গত ১ যুগ ধরে বছরের বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘পাঁচফোড়ন’-এর ঈদের পর্বে ছিল একটি এলাকার প্রভাবশালী এক নেতা ও তার তিন সহকর্মীর মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে মজার আলোচনা। কোরবানির ঈদকে সামনে রেখে ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল এর গল্প। নেতা ও তার তিন সহকর্মীর মধ্যে এই প্রচারণা নিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। আর এইসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন তারকা শিল্পীরা নাটকীয় ভঙ্গিতে এর উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এবারের ‘পাঁচফোড়নে’ নেতার ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্র তারকা মিশা সওদাগর। যিনি এই প্রথম কোনো টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করলেন। এবারের পাঁচফোড়নে গান ছিল ৩টি। একটি দ্বৈত সংগীত গেয়েছেন রবি চৌধুরী ও শাকিলা জাফর। আরেকটি গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। গরু ও ছাগলের উপর আর একটি ব্যঙ্গাত্মক গান গেয়েছেন শিল্পী অর্জুন।