প্রতিশোধের স্বপ্ন দেখছেন সাউদি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৬
\ নিউজিল্যান্ডের এই দলটার অনেকেরই ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার অভিজ্ঞতাটা নেই। কিন্তু টিম সাউদির সেটা ভোলার কথা নয়। সিরিজে মাঠে থেকেই দেখেছিলেন দলের নির্মম পরিণতি। এবার সেই ফলের প্রতিশোধ নেয়ার নেশায় মুখিয়ে আছেন সাউদি। ইনজুরিতে টেস্ট সিরিজ মিস করা নিউজিল্যান্ডের এই বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার ওয়ানডে সিরিজের আগে নিজের লক্ষ্য, দলের লক্ষ্য নিয়ে কথা বললেন গতকাল— ওয়ানডে সিরিজের আগে আপনাদের সর্বশেষ সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া নিয়ে কথা হচ্ছে। আপনাদের জন্য এটা কী প্রতিশোধের সিরিজ? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। খেলোয়াড়রা চার বছর আগে যা হয়েছিল, তার সঠিক জবাবটা দেয়ারই চেষ্টা করবে। আমরা এখন একটা ভালো ওয়ানডে দল গড়ে তোলার চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত সে পথেই আছি। ওয়ানডে দল হিসেবে আমরা অনেক উন্নতিও করেছি। ফলে আমরা সেরকম কিছুই ফিরিয়ে দিতে চেষ্টা করবো। সেই হোয়াইট ওয়াশ হওয়া দলের চেয়ে এই দলটা ঠিক কোথায় এগিয়ে আছে? দলে অনেক অনেক পরিবর্তন হয়েছে। কয়েকজন আছে যারা কিছুদিন আগেও উপমহাদেশে খেলে গেছে এবং সেখানে ভালো পারফরম্যান্স করে গেছে। আবার অনেকে ‘এ’ দলের হয়ে উপমহাদেশে এসেছিল। ফলে আমি বলবো, দল এখন দারুণ অবস্থায় আছে। ওয়ানডে সিরিজের জন্য কী আপনারা প্রস্তুত? আগেই যেমন বলেছি, উপমহাদেশেই আমাদের অনেক প্রস্তুতি হয়েছে। এখানে আমাদের খেলোয়াড়রা গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন ভাবে খেলছে। কেউ নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এসেছিল। এরা অনেক ক্রিকেট খেলেছে। ফলে অবশ্যই খেলোয়াড়রা ভালোভাবে প্রস্তুত। টেস্টের চেয়ে ওয়ানডে সিরিজ কী বেশি কঠিন হবে? হ্যাঁ, এটা মানতেই হবে। বাংলাদেশ ওয়ানডে দল হিসেবে গত তিন বছরে অনেক শক্তিশালী দল হয়ে উঠেছে। আর হোম কন্ডিশনে বাংলাদেশ সবসময়ই দারুণ দল। ফলে আমরা খুব ভালো করে জানি, ওয়ানডে কতোটা কঠিন হবে। সে জন্য আমরা নিজেদের প্রস্তুতও করেছি। আপনার এখন কী অবস্থা? ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত? হ্যাঁ। অনেকদিন ধরে খেলার বাইরে কাটালাম। এখন এখানে খেলার জন্য আমি মুখিয়ে আছি। কিছু ওয়ানডে খেলে হলেও শুরুটা করতে চাই। দলের সিরিজ জয়ই হবে আমার প্রধান লক্ষ্য। আবহাওয়া নিয়ে কী হতাশ? আবার সেই বৃষ্টি... হ্যাঁ, হতাশ। তবে এ নিয়ে তো কিছু করার নেই। তবু নিজেদের ভাগ্যবান মনে করছি যে, কিছু অনুশীলন অন্তত করা গেছে।